ভলের সেঞ্চুরিতে ম্লান মোস্তারির বীরত্ব

ভলের সেঞ্চুরিতে ম্লান মোস্তারির বীরত্ব

সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরি ম্লান করে দিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। জর্জিয়া ভলের সেঞ্চুরিতে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে অজিরা।

বিজ্ঞাপন

ব্রিসবেনে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৩১ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছেন দুই অজি ওপেনার ভল ও ফিবি লিচফিল্ড। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তোলেন তারা। পাওয়ারপ্লের পরেও এই রানের গতি ধরে রেখেছেন তারা।

পরের ১০ ওভারে আরও ৮০ রান যোগ করে স্বাগতিকরা। ২০ তম ওভারে ফিবি লিচফিল্ডকে হাবিবা ইসলাম পিংকির ক্যাচ বানিয়ে একমাত্র উইকেটটি নেন স্বর্ণা আক্তার। কাভারে ক্যাচ দেয়ার আগে ১১ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৭০ রান করেন লিচফিল্ড।

লিচফিল্ড ফিরলেও আগ্রাসন বজায় রাখেন ভল। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ৮১ বলে। ম্যাচ শেষে ৯৭ বলে ১৩১ রানে অপরাজিত ছিলেন ভল। ২২ বলে ১৯ রান করেন এলিস পেরি।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। রানের দেখা পাননি ফারজানা হক ও শারমিন আক্তার। আর ৫ রানে আউট হন শারমিন সুলতানা।

চতুর্থ উইকেট বড় জুটি গড়ে চাপ সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারি। দুজন মিলে গড়েন ১৯৫ রানের জুটি। নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

দারুণ এই জুটিতে ঐতিহাসিক সেঞ্চুরি তুলে নেন সোবহানা মোস্তারি। নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। ১২৩ বলের সেঞ্চুরিটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

নারীদের ওয়ানডেতে এর আগে সব মিলিয়ে ৩টি সেঞ্চুরি ছিল বাংলাদেশের। এর মধ্যে দুটি করেছিলেন ফারজানা হক পিংকি। অন্য সেঞ্চুরিটি এসেছে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁলেন মোস্তারি।

তবে মোস্তারির এই সেঞ্চুরি আগের ৩টি সেঞ্চুরির চেয়ে বিশেষ মর্যাদাপূর্ণ। কারণ সেঞ্চুরিটা এসেছে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাও আবার তাদেরই ঘরের মাটিতে। এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নারীদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান ছিল ২৯। সেঞ্চুরি তো দূরের কথা, কোনো ফিফটিও ছিল না। সেই অসাধ্য সাধন করেছেন মোস্তারি।

১৮ চারে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে মোস্তারি আউট হন বাংলাদেশের ইনিংসের ৪৮তম ওভারে। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে পোখারায় টি-টোয়েন্টিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার।

শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন