স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। ভারতের জাসপ্রিত বুমরাকে পেছনে ফেলে এখন টেস্টের এক নম্বর বোলার স্টার্ক।

বিজ্ঞাপন

ম্যাকাই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১২ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে নিয়েছেন আরও ৪ উইকেট। তাঁর ১০ উইকেটের নৈপুণ্যে অস্ট্রেলিয়া জিতেছে ইনিংস ও ৫১ রানে। দুই টেস্টের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন স্টার্ক।

এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার। তাঁকে জায়গা করে দিতে দুইয়ে নেমেছেন বুমরা। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি আছেন তৃতীয় স্থানে।

ম্যাকাই টেস্টে ৬ উইকেট নেওয়া প্যাট কামিন্সও এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন।

ইংল্যান্ডের অলি রবিনসনও র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে টেস্ট প্রত্যাবর্তনে আট উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন তিনি। একই ম্যাচে আট উইকেট নেওয়া জশ টাং ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭ নম্বরে।

ভারতের বিপক্ষে গল টেস্টে ছয় উইকেট নেওয়া শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন। সাত উইকেট নেওয়া প্রভাত জয়াসুরিয়াও পাঁচ ধাপ এগিয়ে ১৬ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে ৯১ রান করেছেন তিনি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ ও ৬৬ রানের ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন ভারতের ঋষভ পন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন