বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

শেফালি ভার্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। তরুণ ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৮১ রানে। ফলে ১১৪ রানের বড় জয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে উঠে গেছে ভারত। স্বর্ণপদকের ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

জাপানের নিশিনে অনুষ্ঠিত সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। প্রথম ৬ ওভারেই আসে ৭২ রান। ষষ্ঠ ওভারে ১৯ বলে ৩৭ রান করে ফিরলেও এর মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়ে ফেলেন মান্ধানা।

এই ইনিংস খেলার পথে সুজি বেটসকে ছাড়িয়ে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন ভারতীয় বাঁহাতি ওপেনার। একই সঙ্গে চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি।

মান্ধানা ফিরে গেলেও থামেনি শেফালির তাণ্ডব। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৯৪ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যান শেফালি। হারমানপ্রিত ৩৩ বলে ৪০ রান করে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শেফালি।

ইনিংসের শেষ বলে এক রান নিয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন ২২ বছর বয়সী এই ওপেনার। ৪৯ বলের ঝোড়ো ইনিংসে ৩টি চার ও ৯টি ছক্কা হাঁকান তিনি। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার দিয়েন্দ্রা ডটিনের পাশে বসেন শেফালি। ২০১০ সালে ১১২ রানের ইনিংসে ৯টি ছক্কা মেরেছিলেন ডটিন।

এখানেই শেষ নয়। ৯ ছক্কার মাধ্যমে ভারতের দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি। চলতি বছরেই তাঁর ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫, যা এক বছরে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ৩২টি ছক্কা মেরেছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৯৫ রান করে ভারত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন। রাবেয়া খান, মারুফা আক্তার ও নাহিদা আক্তারও একটি করে উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে।

এর মধ্যে নাহিদার ৪৮ রান খরচ বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে কোনো বোলারের সর্বোচ্চ রান দেওয়ার বিব্রতকর রেকর্ড হয়ে যায়। এর আগে ৪ ওভারে ৪৪ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন জাহানারা আলম ও ফারিহা তৃষ্ণা।

১৯৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই তিন ব্যাটারকে হারায় তারা। দলীয় ৫৬ রানের মধ্যে আরও চার উইকেট পড়ে যায়। প্রথম সাত ব্যাটারের মধ্যে শুধু দিলারা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা দুই অঙ্কে পৌঁছান।

দিলারা ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন। সুপ্তার ব্যাট থেকে আসে ২০ বলে ১০ রান। শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে ১২ রানে অপরাজিত থাকলেও তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কিছুটা কমে।

ভারতের হয়ে দিপ্তি শর্মা মাত্র ২.৪ ওভারে ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। নন্দিনী শর্মাও ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। শ্রী চারানি পান ২ উইকেট।

ভারতের বিপক্ষে এ নিয়ে টানা ১০ ম্যাচ হারল বাংলাদেশ। দুই দলের ২৬ ম্যাচের মুখোমুখিতে ভারতের জয় এখন ২২টি। ২০২৩ সালের পর আর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

তবে সেমিফাইনালের হারেই বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সেটিই হবে জ্যোতির শেষ ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন