সিলেট টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গোড়ালি মচকে গিয়েছে এই ওপেনারের। আপাতত পর্যবেক্ষণ রাখা হয়েছে তাকে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, ‘সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাব।’
সাদমান ব্যাটিং করতে পারবেন কিনা, সে সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ইনজুরির ধরন দেখে আন্দাজ করা যায়, প্রথম ইনিংসে এই ওপেনারের ব্যাটিংয়ে নামার সম্ভাবনা খুবই কম। পরীক্ষা-নিরীক্ষার পরেই অবশ্য নিশ্চিতভাবে কিছু বলা যাবে।
সকালের শিশিরের কারণে আউটফিল্ড কিছুটা ভেজা ছিল। বাউন্ডারি থামাতে গিয়ে পা ঘাসে আটকে গিয়ে মচকে যায়। মাঠেই যন্ত্রণায় কাতড়াতে দেখা গিয়েছে। ইনজুরির গভীরতা এতই বেশি ছিল যে, হেঁটে মাঠ ছেড়ে বের হতে পারছিলেন না সাদমান। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

