টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৬ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জেতা সম্ভব—এমন অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গ্লোবাল সুপার লিগের ফাইনালে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দলটি। শিরোপা হাতছাড়া করার শঙ্কাই পেয়েছিল তাদের। কিন্তু ভাগ্য সহায় হলে যা হয় আরকি! সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে গুটিয়ে দিয়ে ৬ রানের নাটকীয় জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা। পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে এত কম রান ডিফেন্ড করে জয়ের বিশ্বরেকর্ড এটি। শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল গায়ানা। অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডলের গতি ও সুইংয়ের সামনে মাত্র ২৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। বিধ্বস্ত হয় তাদের টপ-অর্ডার। তবে শেষদিকে ব্যাট হাতে লড়াই করে প্রতিরোধ গড়ে তোলেন ম্যাথু ফোর্ড (২৮), প্রিটোরিয়াস (১৭*) ও অধিনায়ক ইমরান তাহির (১১)। ৮৫ রানের অল্প পুঁজিতে ইনিংস শেষ হলেও, দাপুটে বোলিংয়ে সংগ্রহ ডিফেন্ড করে শিরোপা জয়ের উৎসবে মাতে গায়ানা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

