খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘আমরা জনগণের সেবকের ভূমিকা পালন করতে চাই। আমাদের কাজ এখন জনগণের সেবা দেওয়া। কোনোভাবেই জনগণ যাতে কষ্ট না পায়। কারণ জনগণের ভালোবাসায় আজকে আমরা এখানে এসেছি। তাই দলের ছোট-বড় যারাই আছেন, আপনারা দলকে ভালোবাসুন এবং প্রধানমন্ত্রীর কাজকে অনুসরণ করুন।’
মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী রিতা আরো বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন আসছে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই দলের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থী বিবেচনা করবেন, যাতে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ। দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।’
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, ‘আমরা বাংলার আকাশে আবারও মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। এই মেঘের ঘনঘটা দূর করে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জজকোর্টের পিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মুখপাত্র অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।
এর আগে সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৪টায় স্বাধীনতা চত্বরে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

