শুরু হলো এনসিএলের ২৮তম আসর

শুরু হলো এনসিএলের ২৮তম আসর

শুরু হলো লাল বলের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮ তম আসর। শনিবার (৩ অক্টোবর) ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একসঙ্গে শুরু হয়েছে ৪টি ম্যাচ। সবগুলো ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।

বিজ্ঞাপন

এবারের টুর্নামেন্টটি বেশ কয়েকটি কারণে বিশেষ। ব্যাগি ক্যাপ আর অধিনায়কদের ব্লেজার পড়ে টস করার নতুন নিয়ম এবার ভিন্ন মাত্রা যোগ করেছে।

সূচি অনুযায়ী, আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে মাঠে নেমেছে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের মুখোমুখি হয়েছে ময়মনসিংহ। চট্টগ্রামে স্বাগতিকদের প্রতিপক্ষ রাজশাহী। আর খুলনা জেলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা।

এবারের এনসিএলে অংশ নিচ্ছে দেশের আটটি বিভাগীয় দল। সাত রাউন্ডের প্রতিযোগিতায় মোট ম্যাচ হবে ২৮টি। লিগ পর্বে প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে ফাইনালে।

চার দিনের প্রথম রাউন্ডের ম্যাচ চলবে ৩ থেকে ৬ অক্টোবর। দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সুযোগও থাকছে ক্রিকেটারদের সামনে।

এবারের আসরে ভেন্যুতেও থাকছে বৈচিত্র্য। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন