প্রথম দিনে খানিকটা প্রস্তুতি ঘাটতি নিয়ে মাঠে গড়ায় ডিপিএলের এবারের আসর। ফলে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে দেরিতে শুরু হয়েছে খেলা। আজ মাঠে গড়ানো ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই হয়েছে কার্টেল ওভারে। শুধু পিকেএসপিতে হওয়া বসুন্ধরা রাইডার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটিই হয়েছে পূর্ণ ৫০ ওভারে। ডিপিএলের এই উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী হেরেছে নবাগত ঢাকা লিওপার্ডসের কাছে। তবে জয় পেয়েছে মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জ, বসুন্ধরা রাইডার্সের মতো বড় দলগুলো।
আবাহনী-ঢাকা লিওপার্ডস
বসুন্ধরায় মাঠ ভেজা থাকায় দেরিতে শুরু হয় এই ম্যাচ। ৩০ ওভারে নেমে আসা এই ম্যাচে আগে ব্যাট করে ১৮১ রান তোলে আবাহনী। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন সাব্বির রহমান। ঢাকা লিওপার্ডসের হয়ে ২১ রানে তিন উইকেট নেন মঈন খান। জবাবে, ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লিওপার্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন জাকির হাসান। তাতে ৫ উইকেটের জয় নিশ্চিত করে লিওপার্ডস।
অগ্রণী-প্রাইম ব্যাংক
বিকেএসপির চার নম্বর মাঠে দুই ব্যাংকের লড়াইয়ে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ৩০ ওভারে নেমে আসা এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ইমরুল কায়েসের ৩২ রানে ভর করে ১৫৩ রানে থামে অগ্রণী ব্যাংকের ইনিংস। জবাবে, তানজিদ হাসান তামিমের ৪৪ ও আরিফুল ইসলামের ৩৪ রানে ভর করে ৬ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক। অগ্রণীর হয়ে আশরাফুল হাসান নেন দুই উইকেট। আর প্রাইম ব্যাংকের হয়ে ২২ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন আলিস আল ইসলাম।
লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স
দুই রূপগঞ্জের লড়াইয়ে ২২ রানের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন আশিকুর রহমান শিবলি। ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তার ওই ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৮৩ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে কালাম সিদ্দিকী আলিনের ৪৬ বলে ৭৮ রানে ভর করে জয়ের কাছাকাছি গিয়েছিল রূপগঞ্জ টাইগার্স। এছাড়া ২৭ বলে ৫২ রান করে মুক্তার আলী। তাতে উইকেটে ২৬১ রানে থামে রূপগঞ্জ টাইগার্সের ইনিংস।
সিটি ক্লাব-মোহামেডান
নবাগত সিটি ক্লাবের বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতেছে ঐতিহ্যবাহী মোহামেডান। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৪ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন সাদিকুর রহমান। মোহামেডানের হয়ে নাঈম আহমেদ ২০ রানে নেন ৪ উইকেট। জবাবে, এনামুল হক বিজয়ের ৮০ রানে ভর করে ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। এছাড়া ৩৬ রান এসেছে ইয়াসির আলী রাব্বির ব্যাটে।
ডিপিএলের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। পিকেএসপিতে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন বসুন্ধরার সাইফ হাসান। রান আউটের শিকার হওয়া এই ব্যাটার আউট হন ৯৬ রানে। তার ব্যাটে ভর করে ২৮০ রান তোলে বসুন্ধরা স্ট্রাইকার্স। এছাড়া ৮২ রান আসে ফজলে রাব্বির ব্যাটে। জবাবে, ২৫৪ রানে থামে গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন জুবায়ের হোসেন। এছাড়া ৪৭ রান আসে শাহরিয়ার সাকিবের ব্যাটে। বসুন্ধরার হয়ে নাহিদুল ইসলাম ও রুয়েল মিয়া শিকার করেন তিনটি করে উইকেট।
গাজী গ্রুপের বিপক্ষে মাত্র ৮২ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। তিন রান আউটের ম্যাচে ব্রাদার্সকে ডুবিয়ে দেন মোহাম্মদ রুবেল ও লিওন ইসলাম। দুজনই শিকার করেন তিনটি করে উইকেট। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শাহরিয়ার কমল। ৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নাঈম আহমেদের ৪৮ রানে ভর করে ৯ উইকেটের জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

