আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ম্যাচ ও অনুশীলন বাতিল ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ম্যাচ ও অনুশীলন বাতিল ইংল্যান্ডের

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে আবুধাবিতে নির্ধারিত ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে ইংল্যান্ড নারী দলের আসন্ন প্রশিক্ষণ ক্যাম্পও স্থগিত করা হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসিবি জানিয়েছে, তারা যুক্তরাজ্য সরকার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সংস্থাটির ভাষ্য, মধ্যপ্রাচ্যে অবস্থানরত খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

মঙ্গলবার আবুধাবিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার কথা ছিল ইংল্যান্ড লায়ন্সের। তবে ইরানের পাল্টা হামলার প্রভাব দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকাতেও ছড়িয়ে পড়লে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় ইসিবি। আগামী সপ্তাহে আবুধাবিতে শুরু হওয়ার কথা থাকা ইংল্যান্ড নারী দলের প্রশিক্ষণ ক্যাম্পও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

কোচ অ্যান্ড্রু ফ্লিনটফের অধীনে থাকা ২৫ সদস্যের ইংল্যান্ড লায়ন্স দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। দেশটির আকাশসীমা বন্ধ থাকায় তারা এখনো অঞ্চল ত্যাগ করতে পারেনি।

এদিকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল নির্ধারিত সূচি অনুযায়ী মুম্বাইয়ে ভ্রমণের অনুমতি পেয়েছে। তারা বৃহস্পতিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবে। টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসি জানিয়েছে, তারাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইসিবির এক মুখপাত্র বলেন, “আমাদের দল ও স্টাফদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। আমরা সরকারি নির্দেশনা অনুসরণ করছি এবং পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করছি।”

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...