নতুন কুঁড়িতে নতুন বিস্ময়, চার-ছক্কার ঝড়ে ৩২ বলে সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

নতুন কুঁড়িতে নতুন বিস্ময়, চার-ছক্কার ঝড়ে ৩২ বলে সেঞ্চুরি

মাত্র ৩২ বল। আর তাতেই ১০৮ রান! অবিশ্বাস্য এই ব্যাটিং ঝড়ে নরসিংদীর ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কিশোর ক্রিকেটার তরিকুল ইসলাম পরশ। ‘নতুন কুঁড়ি’ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে তার বিধ্বংসী ইনিংসে ভর করে ফাইনালে জায়গা করে নিয়েছে নরসিংদী সদর উপজেলা।

গতকাল নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শিবপুর উপজেলার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে সদর উপজেলা। শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন পরশ। মাঠের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলতে খেলতে মাত্র ৩২ বলেই করেন ১০৮ রান। অপরাজিত সেই ইনিংসে ছিল ১০টি চার ও ১০টি বিশাল ছক্কা।

পরশের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নরসিংদী সদর উপজেলা। টি-টেন ক্রিকেটে এমন স্কোর খুবই বিরল।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শিবপুর উপজেলা। ব্যাটাররা যেন পরশের ঝড়ের ধাক্কা সামলাতেই পারেননি। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের ৬ উইকেটে আটকে রাখা হয় মাত্র ৫৬ রানে। ফলে বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সদর উপজেলা দল।

ক্রিকেটার হিসেবে পরশের পথচলাটাও অনুপ্রেরণার। কৃষক বাবার ছেলে এই তরুণ ক্রিকেটারের মা গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে নজর কাড়ছেন তিনি। মজার বিষয় হলো, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি পরশ। তবে বল হাতে ২ ওভারে ২ উইকেট নিয়ে তখনই জানান দিয়েছিলেন নিজের সামর্থ্যের কথা।

দেশজুড়ে চলমান ‘নতুন কুঁড়ি’ টি-টেন ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে ভবিষ্যতের ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্য নিয়ে। দেশের ৬৪ জেলায় একযোগে চলা এই আসরে তরিকুল ইসলাম পরশের মতো প্রতিভার উত্থান নতুন আশার আলো দেখাচ্ছে স্থানীয় ক্রিকেটাঙ্গনকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন