বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া

বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন দুই টেস্টের সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে যাচ্ছেতাই ব্যাটিং উপহার দিয়ে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ব্যবধানে হারের পরও বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া! প্রতিপক্ষকে সহজভাবে দেখছে না অজিরা। বরং সিরিজের আগে প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন অজি তারকা ট্রাভিস হেড।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে হেড বলেন, বড় দলের বিপক্ষে খেলতে গেলে অনেক সময় ক্রিকেটারদের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয়। সেটিই চাপের কারণ হতে পারে। তার ভাষায়, ‘আমি বলব প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে, কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলার সময় প্রত্যাশা থাকে যে অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।’

বিজ্ঞাপন

অতিরিক্ত প্রত্যাশার সঙ্গে প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশকে হারানোয় আত্মবিশ্বাস টগবগে থাকার কথা অজিদের। তবে এখনই আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চান না হেড। প্রস্তুতি ম্যাচের ফল নিয়েও খুব বেশি ভাবতে চান না এই ব্যাটার। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি।’

বাংলাদেশের প্রথম ইনিংসের প্রশংসাও করেছেন তিনি। হেডের মতে, প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের মনোযোগ এখন পুরোপুরি বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মূল টেস্টে। হেড আরো মনে করেন, ক্রিকেট ‘খুব নিষ্ঠুর খেলা’। তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চ্যালেঞ্জকে যথেষ্ট গুরুত্ব দিয়েই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন