আচরণবিধি ভঙ্গের দায়ে নাহিদা ও শারমিনকে জরিমানা

স্পোর্টস রিপোর্টার

আচরণবিধি ভঙ্গের দায়ে নাহিদা ও শারমিনকে জরিমানা

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে জরিমানা করেছে আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে এ ঘটনা ঘটে।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেভেল–১ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকেই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যা ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণের সঙ্গে সম্পর্কিত যা প্রতিপক্ষকে উসকানি দিতে পারে। অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট।

ম্যাচের সময় ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর নাহিদা তাকে প্যাভিলিয়নের দিকে ইশারা করে বিদায় জানান। অন্যদিকে, ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন।

ম্যাচের আম্পায়ার এলইজ শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানী সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি অভিযোগ দায়ের করেন। দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম তিরস্কার থেকে সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং ১–২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। কোনো খেলোয়াড় ২৪ মাসে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন