ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় নেট বোলারের বলে মুখে ব্যথা পান বেন স্টোকস। পরে জানা যায়, তার মুখের হাড় ভেঙে গেছে। সেই ইনজুরির কারণে এবার কাউন্টি মৌসুমের শুরুতেও মাঠে নামতে পারবেন না স্টোকস। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাউন্টি দল ডারহাম।
সবশেষ অ্যাশেজ সিরিজের পর আর কোনো ম্যাচ খেলেননি বেন স্টোকস। প্রস্তুতি নিচ্ছিলেন কাউন্টি মৌসুমের জন্য। এ সময়ই নেটে ব্যাটিং প্রস্তুতি নিতে গিয়ে ইনজুরিতে পড়েন। সেই ইনজুরির কারণে এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে মাঠে ফিরবেন।
কাউন্টি দিয়ে শুরু হবে চলতি বছরে ইংল্যান্ডের ক্রিকেট মৌসুম। আগামী ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে নিজেদের মৌসুম শুরু করবে ইংল্যান্ড। এর আগে ইনজুরি কাটিয়ে কাউন্টি দিয়ে মাঠে ফিরবেন স্টোকস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

