কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

প্রথমে আর্শদীপ সিংয়ের বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস; এরপর বিরাট কোহলির ব্যাটে রেকর্ডের ফুলঝুরি। দুইয়ে মিলে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয় তুলে নিয়েছে ভারত। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩২ ওভারে ১৪৩ রানের লক্ষ্য পায় সফরকারীরা। ৫৬ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ইডেন পার্কে রান তাড়ার শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন রোহিত শর্মা। তবে দ্বিতীয় উইকেটে শুভমান গিলকে নিয়ে ১০৪ বলে ১১৩ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। ৫৬ বলে ৩৭ রান করে গিল ফিরলেও থামেননি কোহলি। মাত্র ৩৫ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতক। দেশের বাইরে এটি তার দ্বিতীয় দ্রুততম ফিফটি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৪ রান করেন কোহলি। ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রিকি পন্টিংয়ের পাশে বসিয়েছে। দুজনেরই রান এখন ১,৯৭১। বিদেশের মাটিতে রান তাড়ায় শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন কোহলি। তার সংগ্রহ ৮,৭৪১।

এর আগে আর্শদীপের চার উইকেটে ১৮৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৩৮, ব্লেয়ার টিকনার ৩৪ ও গ্লেন ফিলিপস ৩০ রান করেন। আর্শদীপ ৭০ রানে নেন চার উইকেট। গুরনুর ব্রার পান তিনটি, আনশুল কম্বোজ দুটি। শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন