আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফাইনালের মিশ্র মাটির উইকেট কেমন হবে?

স্পোর্টস ডেস্ক

ফাইনালের মিশ্র মাটির উইকেট কেমন হবে?

সবার কৌতূহল ফাইনালের উইকেট কেমন আচরণ করবে। ফাইনাল ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের পিচ নিয়ে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের জন্য প্রস্তুত করা হচ্ছে মিশ্র মাটির উইকেট। এতে লাল ও কালো দুই ধরনের মাটিই ব্যবহার করা হবে; তবে লাল মাটির পরিমাণ থাকবে বেশি।

এ ধরনের উইকেটে সাধারণত বল ব্যাটে ভালোভাবে আসে। ফলে দুই ইনিংসেই ব্যাটাররা সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে মিশ্র মাটির কারণে পেসাররাও কিছুটা বাড়তি বাউন্স পেতে পারেন। তবে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা থাকবে না, টার্নও থাকবে সীমিত। ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় ফাইনালে বড় সংগ্রহের সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। ২০০ রানের বেশি স্কোর দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে এই উইকেটে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে মাত্র একটি। সেখানে দক্ষিণ আফ্রিকা ২১৩ রান করে কানাডাকে ৫৭ রানে হারিয়েছিল। এই ভেন্যুতে এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৯৩ রান করে ১৭ রানের জয় পেয়েছিল তারা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে ৭৬ রানে হেরেছিল স্বাগতিকরা।

অন্যদিকে এই মাঠে খুব সুখকর স্মৃতি নেই নিউজিল্যান্ডেরও। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছিল কিউইরা। সেই অভিজ্ঞতা পেছনে ফেলে আজ ফাইনালের বড় মঞ্চে নামবে তারা। সব মিলিয়ে ব্যাটিং সহায়ক উইকেটে চার-ছক্কার ঝড় ওঠার সম্ভাবনাই বেশি। ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরেকটি রান উৎসব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন