গোটা প্রেসবক্সে সে সময়টায় একাকী তিনি। এই সিরিজ কাভার করতে পাকিস্তান থেকে আসা একমাত্র সাংবাদিক তিনি। নাম এজাজ ওয়াসিম বাখরি। প্রতিদিনের পোস্ট ম্যাচে এজাজ পাাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের তীব্র সমালোচনায় বিদ্ধ করেন। সিলেট স্টেডিয়ামের পঞ্চম দিনের সকালে গোটা প্রেসবক্সে কিছু সময় একা থাকতে হয় তাকে। মাঠে বাংলাদেশ দল সিরিজ জয়ের উল্লাস করছে। সে আনন্দে শামিল হতে বাংলাদেশের সাংবাদিকরাও প্রেসবক্স থেকে বেরিয়ে সিলেট স্টেডিয়ামের সবুজ চত্বরে সমবেত হন। শূন্য সেই প্রেসবক্সে বসে নিজের ছবি পোস্ট করে এজাজ লেখেন, ‘বাংলাদেশের ২-০তে সিরিজ জয়ের পর প্রেসবক্সে বসে মৃত্যুদৃশ্য দেখছি। বাঙালি সাংবাদিকরা মাঠে নেমে উদযাপন করছেন, আর আমি ল্যাপটপে ক্যালেন্ডারে দেখছি ঈদুল আজহা কবে?’
শেষ বিকালে কাজ শেষ করে ফেরার সময় এজাজ আরেকটি ব্রেকিং নিউজ দিয়ে গেলেন। বললেন, পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদ হোটেলে ফিরে দলের সদস্যদের কাছে জানিয়েছেন তিনি আর অধিনায়কত্ব করতে চান না।
তবে এজাজের সেই ব্রেকিং স্টোরির তথ্য ক্রস চেক করতে গিয়ে পাকিস্তানের অন্যান্য মিডিয়া এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে মিলল ভিন্ন তথ্য। তারা জানান, শান মাসুদ অধিনায়কত্ব ছাড়ছেন- এ তথ্যটি কেবল সূত্রের বরাত দিয়ে ছাপা হয়েছে। তবে সুনির্দিষ্ট কারো কোনো মন্তব্য নেই। তাছাড়া পাকিস্তান মিডিয়ার আরেক অংশ জানিয়েছে, অধিনায়ক পদ থেকে তিনি পদত্যাগের কোনো কথাই বলেননি।
শান মাসুদ পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ছেন, নাকি থাকছেন- সেটা আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিষয়। তবে ব্যাট হাতে এবং অধিনায়ক হিসেবে তার টেস্ট রেকর্ড যে ভীষণ দুর্বল, তা নিয়ে কারো কোনো দ্বিধা নেই। অধিনায়ক হিসেবে পেছনের ১৬ টেস্টের ১২টিতে হেরেছেন শান মাসুদ। পাকিস্তানের হয়ে খেলছেন সেই ২০১৩ সাল থেকে। এখন পর্যন্ত ৪৬ টেস্ট খেলেছেন। ব্যাট হাতে পারফরম্যান্স মামুলি। রান করেছেন ২৬৫৩। ১২ বছর টেস্ট খেলেও রান গড় ৩০.৪৯ মাত্র। অধিনায়ক হওয়ার পর থেকে হারের রেকর্ড গড়েছেন। বিপদে পড়া দলকে উদ্ধার করা তো দূরের কথা, বিপদ আরো বাড়াচ্ছেন। এবারের দুই টেস্টের চার ইনিংসে হাফ সেঞ্চুরি মাত্র একটি। কোনোবারই মিডল অর্ডারে প্রভাব দেখাতে পারেননি। ৭১ রানের একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে তার সিলেট টেস্টের শেষ ইনিংসে।
অধিনায়কত্ব হারালে নিশ্চিতভাবে দলে থাকার অধিকারও হারাবেন শান মাসুদ। সিরিজ হারার পর সিলেটে তাকে প্রথম প্রশ্নই শুনতে হলো- বাংলাদেশের বিরুদ্ধে টানা চার টেস্ট হারের পর পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হিসেবে এটাই কি আপনার শেষ টেস্ট?
শান মাসুদ সাফ জানিয়ে দিলেন, ‘আমি এখন শুধু এই সিরিজ নিয়ে কথা বলতে চাই।’
যে সিরিজ পাকিস্তান ০-২তে হেরেছে, সেই সিরিজ নিয়ে পাকিস্তানের বাকিদের আগ্রহ কি থাকার কথা! সম্ভাব্য নতুন টেস্ট অধিনায়ক কে হচ্ছেন- সেটাই এখন তাদের ব্রেকিং নিউজ। যে তালিকায় আপাতত দুটি নাম- সালমান আগা অথবা বাবর আজম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

