ক্রিকেটের ঐতিহাসিক তীর্থভূমি লর্ডসে আরও একবার পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার উপলক্ষটা একটু ভিন্ন। টেস্টের আঙিনায় পরিচিত এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আগামী বছরের ইংল্যান্ড সফরে টেস্টের পাশাপাশি নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়রা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ৩ জুন লর্ডসে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে ঐতিহাসিক এই মাঠে টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচ খেলবে মিডলসেক্সও।
লর্ডসে বাংলাদেশের জন্য এটি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। শুধু তাই নয়, প্রায় আট বছর পর এই ভেন্যুতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ। সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর থেকে লর্ডসে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়নি।
আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে সফর। যদিও সেই ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এরপর ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী ওই ম্যাচ শেষেই দেশে ফেরার কথা ছিল দলের। তবে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি যুক্ত হওয়ায় সফরের মেয়াদ বাড়ছে।
লর্ডসে নামার আগে অবশ্য নেপালের বিপক্ষে তাদেরই মাটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কীর্তিপুরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের পর লর্ডসের ঐতিহাসিক মঞ্চে অপেক্ষা করবে নতুন এক অভিজ্ঞতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

