বিসিবির সবশেষ নির্বাচনের অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। তারা জানায়, সরকারের এমন পদক্ষেপ আইসিসির চোখে বাহ্যিক হস্তক্ষেপ হিসেবে গণ্য করতে পারে।
আজ (সোমবার) এক বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। এনএসসি সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে গত নির্বাচন নিয়ে তদন্তের ঘোষণা দেয়। এই বিবৃতির পর বিসিবি জানায়, বর্তমান বোর্ড সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নিজস্ব গঠনতন্ত্র মেনে নির্বাচিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তারা নিয়মিত সব কার্যক্রম পরিচালনা করে আসছে। এমন অবস্থায় আকস্মিক এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির স্বাধীনতা ও স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিসিবি আরও জানায়, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইসিসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখান থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ডে যেকোনো হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দেশের ক্রিকেটের স্বার্থে বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করতে চায় বিসিবি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গেও আলোচনা করতে চায় বলেও জানায়।
বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদকে আরও অনুরোধ করেছে, বিষয়টি যেন এমনভাবে সমাধান করা হয়, যা বাংলাদেশের ক্রিকেটের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করবে, পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থানও সুরক্ষিত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

