বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের ৪০ বছর বয়সি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের নতুন মালিক এখন তিনি।
২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছিল ব্রেন্ডন টেলরের। দীর্ঘ পথচলায় নানা ঘাত-প্রতিঘাত ও লম্বা বিরতি পেরিয়ে গতকাল হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস শেষে উইকেটের পেছনে নামার মাধ্যমেই এক অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে তার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব দাঁড়িয়েছে ২২ বছর ১৪৮ দিনে। যা শচীন টেন্ডুলকারের ২২ বছর ৯১ দিনের সর্বকালের রেকর্ডকে পেছনে ফেলেছে। তবে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের আন্তর্জাতিক রেকর্ডটি এখনো ভারতের মিতালি রাজের দখলে (২২ বছর ২৭৪ দিন)।
জিম্বাবুয়ে ক্রিকেটের সংকটাপন্ন দিনগুলোয় বটবৃক্ষের মতো আগলে রাখা টেলর তার দেশের হয়ে ২০৮টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। ২০৭ ম্যাচে ৬,৭০৪ রান এবং জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার দেশটির আধুনিক ক্রিকেটের অন্যতম ভরসার প্রতীক। এছাড়া ৩৭টি টেস্টে ২,৪২০ রান এবং ৫৮টি টি-টোয়েন্টিতে ১,১৮৫ রান তার ক্রিকেট দক্ষতার বড় স্বাক্ষর।
পুরুষ ওয়ানডে ক্রিকেটের দীর্ঘতম সময় ধরে খেলা ক্রিকেটারদের তালিকায় টেলর ও টেন্ডুলকারের পর তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (২১ বছর ১৮৪ দিন) এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ (২০ বছর ২৭২ দিন)। জিম্বাবুয়ের আরেক অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস (২০ বছর ১৮৭ দিন) এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। বহু চড়াই-উতরাই পেরিয়ে টেলরের এই কীর্তি জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে এক রূপকথার মতো স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সবচেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ার
ক্রিকেটার সময়
ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে) ২২ বছর ১৪৮ দিন
শচীন টেন্ডুলকার (ভারত) ২২ বছর ৯১ দিন
সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ২১ বছর ১৮৪ দিন
জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান) ২০ বছর ২৭২ দিন
শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) ২০ বছর ১৮৭ দিন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

