পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি কথা বলেছেন বাংলাদেশের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও।
ঢাকায় ঈদ পালন করা তাসকিন জানান, সুযোগ পেলেই তিনি এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করার চেষ্টা করেন। সবার উদ্দেশে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সামনেও এই তাওফিক দেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন।”
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বাস্তববাদী হলেও আত্মবিশ্বাসী তাসকিন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে।”
আগস্টে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সেই সিরিজ নিয়ে এখনই বেশি ভাবতে নারাজ এই ডানহাতি পেসার। তার ভাষায়, “ইনশাআল্লাহ, ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো দেরি আছে। তার আগে বেশ কিছু খেলা আছে। বর্তমান নিয়েই চিন্তা করছি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

