হেটমায়ারের ব্যাটে জয়ে সিরিজ শেষ ওয়েস্ট ইন্ডিজের

হেটমায়ারের ব্যাটে জয়ে সিরিজ শেষ ওয়েস্ট ইন্ডিজের

সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। তবে শেষ ম্যাচে অন্তত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ারের অপরাজিত ইনিংসে ভর করে পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে দুই উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। যদিও ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

ব্রিজটাউনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে তোলে ২৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন টম ল্যাথাম। নিক কেলির ব্যাট থেকে আসে ৬৪ রান, আর উইল ইয়াং করেন ৫৬। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ও ভিতেল লয়েজ দুটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

জবাবে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। তবে ৪৩ ওভারে পাঁচ উইকেটে ২৩৮ রান থেকে হঠাৎই চাপে পড়ে যায় তারা। পরের দুই ওভারে মাত্র ১০ রান তুলতেই হারায় আরো তিন উইকেট। তখন শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ২১ রান, হাতে মাত্র দুটি উইকেট।

এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন শিমরন হেটমায়ার। ছয় নম্বরে নেমে ৬৪ বলে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। চোট পাওয়া আমির জাঙ্গুর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ১৫ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে শেরফেন রাদারফোর্ডের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচের ভিত তৈরি করেন হেটমায়ার। রাদারফোর্ড ৫৮ বলে ৬১ রান করে আউট হলেও হেটমায়ার শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

নিউজিল্যান্ডের ইনিংসে দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও নিক কেলি ৮৬ রানের জুটি গড়েন। পরে চতুর্থ উইকেটে ল্যাথাম ও কেলির ৫৪ এবং ষষ্ঠ উইকেটে ল্যাথাম ও মিচেল স্যান্টনারের ৪৮ রানের জুটি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

এ সিরিজে পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। প্রথম ওয়ানডেতে ২৬৭ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচেও ২৬৮ রানের লক্ষ্য পেরিয়ে একই কীর্তি গড়ল তারা। তবে মাঝের তিন ম্যাচে আগে ব্যাট করে পরাজিত হওয়ায় সিরিজ হার এড়ানো সম্ভব হয়নি।

ম্যাচসেরার পুরস্কার জয়ের পর হেটমায়ার বলেন, ‘সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো ব্যক্তিগত ফিফটির কথা না ভেবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছি। আমরা অতিরিক্ত কিছু ভাবিনি, নিজেদের জোনে বলের অপেক্ষায় ছিলাম। এখানকার এবং দেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে আমি খুবই আনন্দিত।’

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৬৮ (ল্যাথাম ৬৯, কেলি ৬৪, ইয়াং ৫৬, স্মিথ ১৮; আলজারি ২/৩৮, ভিতেল ২/৬৩, মোতি ১/৪৯)।

ওয়েস্ট ইন্ডিজ : ৪৭.৩ ওভারে ২৬৯/৮ (হেটমায়ার ৬৯*, রাদারফোর্ড ৬১, হোপ ৩৯, অগাস্টে ৩৪; ডাফি ৩/৬৭, লেনক্স ৩/২৫, স্মিথ ১/৫১, ব্রেসওয়েল ১/৬৪)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ দুই উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ)।

সিরিজ : নিউজিল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন