ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের

দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের দেখা মিলল না। ফলে ওয়ানডে সিরিজের শুরুটাই হলো হার দিয়ে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ শুক্রবার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে গেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ২৪৭ রান তোলে কিউইরা, জবাবে ২২১ রানেই থেমে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রায় ১৭ মাস পর দলে ফিরে বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। সঙ্গে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের কার্যকর বোলিংয়ে মাঝারি সংগ্রহেই আটকে যায় নিউজিল্যান্ড।

তবে রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথ-এর টানা দুই বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। এতে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা।

সেই ধাক্কা সামাল দেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৯৩ রানের জুটি, যা ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশকে। সাইফ ৫৭ ও লিটন ৪৬ রান করে আউট হলে আবারও চাপে পড়ে দল।

এরপর তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়তে থাকে। আফিফ ২৭ রান করে আউট হওয়ার পর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের মাঝের সারি।

শেষদিকে লড়াই চালিয়ে যান হৃদয়। ৫৫ রানের ইনিংস খেললেও একা ম্যাচ বের করতে পারেননি তিনি। ফলে ৪৮.৩ ওভারে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন ব্লেয়ার টিকনার, নেন ৪ উইকেট। এছাড়া স্মিথ শিকার করেন ৩টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে ছিল নিউজিল্যান্ডও। শরিফুলের আঘাতে দ্রুত উইকেট হারালেও পরে হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। নিকোলস করেন ৬৮ রান।

মাঝে ডিন ফক্সক্রফটের ৫৯ রানের ইনিংস দলকে ভালো সংগ্রহের পথে নেয়। শেষদিকে স্মিথের অপরাজিত ২১ রানে ২৪৭ রান পায় সফরকারীরা।

উল্লেখযোগ্য বিষয়, পুরো ইনিংসে কোনো ছক্কা মারতে পারেনি নিউজিল্যান্ড—যা মিরপুরে পূর্ণ ৫০ ওভারের ম্যাচে বিরল ঘটনা।

সব মিলিয়ে বোলারদের দারুণ পারফরম্যান্সের পরও ব্যাটিং ব্যর্থতায় জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে পরের ম্যাচে ব্যাটারদের জেগে উঠতেই হবে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ইনিংস : ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯, ইয়াং ৩০, ল্যাথাম ১৪; শরীফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০, মিরাজ ১/৫৪, নাহিদ ১/৬৫)।

বাংলাদেশ ইনিংস: ৪৮.৩ ওভারে ২২১ (সাইফ ৫৭, হৃদয় ৫৫, লিটন ৪৬, আফিফ ২৭; টিকনার ৪/৪০, স্মিথ ৩/৪৫)।

ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ডিন ম্যাক্সক্রফট।

সিরিজ: তিন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে এগিয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন