চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে প্রশাসন। একই সঙ্গে পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জাম আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি জানান, পারচৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতে টিয়া পাখি শিকার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১১টি টিয়াপাখি ও শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বিভিন্ন সরঞ্জাম।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিবগঞ্জ থানার পুলিশ অভিযানে সহযোগিতা করে।
এর আগে গত ১৬ আগস্ট একই এলাকা থেকে পাখি শিকারের দায়ে একজনকে জরিমানা ও কয়েকটি টিয়া পাখি অবমুক্ত করে প্রশাসন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

