আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়ের রাতেই শোকের ছায়া, রিংকুর পিতৃবিয়োগে ভারাক্রান্ত ভারত শিবির

স্পোর্টস ডেস্ক

জয়ের রাতেই শোকের ছায়া, রিংকুর পিতৃবিয়োগে ভারাক্রান্ত ভারত শিবির

চেন্নাইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে ভারত। তবে মাঠের উচ্ছ্বাসের মাঝেই নেমে এসেছে গভীর শোক। দলের ব্যাটার রিংকু সিং-এর বাবা খানচাঁদ সিং আজ (শুক্রবার) মারা গেছেন।

ক্যানসারের চতুর্থ ধাপে পৌঁছে যাওয়া খানচাঁদ সিং গ্রেটার নয়ডার যথরথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি গিয়েছিলেন রিংকু। পরে দলে যোগ দিলেও একাদশে জায়গা হয়নি; তার স্থানে খেলেন সাঞ্জু স্যামসন। রিংকুকে দেখা যায় বদলি ফিল্ডার হিসেবে।

আলীগড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহের কাজ করা খানচাঁদ সিং আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ছেলেকে ক্রিকেটার বানাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেটমহল। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়ে রিংকু ও তার পরিবারের জন্য প্রার্থনা করেছেন।

এবারের বিশ্বকাপে পাঁচ ইনিংসে মাত্র ২৪ রান করেছেন রিংকু। ফর্মহীনতার কারণে দলে জায়গা হারালেও সামনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ‘ডু অর ডাই’ ম্যাচ—এমন কঠিন সময়ে শোকের ভার নিয়েই থাকতে হচ্ছে তাকে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...