বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ‘বড় ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন সাকিব আল হাসান। তার মতে, এ সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। মুম্বাইয়ে ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর এক অনুষ্ঠানে এ কথা বলেন সাকিব।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেটপ্রেমী একটি দেশ। আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল।’

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তৎকালীন সরকার ভারত সফরের অনুমতি না দেওয়ায় গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। ফলে তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ মিস করে বাংলাদেশ।

এই সিদ্ধান্তের প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও সরিয়ে দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তা নাকচ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

তবে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক হবে বলেই আশাবাদী সাকিব। তিনি বলেন, ‘আমার মনে হয়, পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্কোন্নয়নের চেষ্টা করা উচিত। এক-দুটো সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বরে একটি সিরিজ হওয়ার কথা শুনছি। সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে।’


এদিকে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অস্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সাকিব। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে তিনি বলেন, ‘সভাপতি হিসেবে নিশ্চয়ই তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে। আশা করি, তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার। বিদায়ের আগে দেশের মাটিতে খেলতে চান পূর্ণাঙ্গ একটি সিরিজ।

সাকিব বলেন, ‘আশা করছি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই, তা পাব বলেই আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন