জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে তার ডেপুটি রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। দলে কোনো চমক নেই। চোটের কারণে প্রথম টেস্টে লিটন কুমার দাসকে না পাওয়ায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন জাকের। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে তিন ইনিংসে তিনটি ফিফটি করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে একটি সেঞ্চুরি ছিল তার নামের পাশে। ২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে ৩৩৭ রান করেছেন জাকের। চারটি অর্ধশতক থাকলেও এখনও টেস্টে সেঞ্চুরির দেখা পাননি। তার সর্বোচ্চ ইনিংস ৯১ রান।

দলে আছেন জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া নতুন মুখ অমিত হাসান। পেস আক্রমণের মূল ভরসা নাহিদ রানা ছিটকে গেলেও বাকি পেসাররা রয়েছেন। গতির আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান। স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন