চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার জশ হ্যাজলউড। আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে প্রায় ১৩ মাস পর আবার অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সি এই পেসারকে।
২০২৫ সালের জুলাইয়ের পর হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে টেস্ট দলের বাইরে ছিলেন হ্যাজলউড। এমনকি চোটের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজেও মাঠে নামা হয়নি তার। ২০১৪ সালে অভিষেকের পর এত দীর্ঘ সময় টেস্ট দলের বাইরে হ্যাজলউডকে আগে কখনো থাকতে হয়নি। বর্তমানে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে লাল বলের কঠিন মহড়া চালিয়ে টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন এ সিরিজেই হ্যাজলউডের সামনে তৈরি হয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। টেস্টে ৭৬ ম্যাচে বর্তমানে সব মিলিয়ে তার সংগ্রহ ২৯৫ উইকেট। সিরিজের প্রথম টেস্টেই আর মাত্র পাঁচ উইকেট পেলে অস্ট্রেলিয়ার সপ্তম পেসার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। এর আগে ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স এ কৃতিত্ব অর্জন করেন।
সরাসরি ম্যাচ না খেলে অনুশীলনের মধ্য দিয়ে টেস্টের প্রস্তুতি নেওয়াকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন হ্যাজলউড। ব্রিসবেনের ক্যাম্পে সকাল-বিকালের দীর্ঘ বোলিং সেশনের মাধ্যমে পাঁচদিনের লাল বলের লড়াইয়ের জন্য শরীরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনুশীলনের ব্যাপারে হ্যাজলউড বলেন, ‘ম্যাচ না খেলে স্রেফ মহড়া দিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সম্ভবত এবারই প্রথম। এর ফলে নিজেদের পছন্দ অনুযায়ী অনুশীলনের সূচি তৈরি করার সুযোগ পেয়েছি। মঙ্গল ও বৃহস্পতিবার বেশ দীর্ঘ বোলিং সেশন রাখা হচ্ছে, পাশাপাশি অন্যান্য কাজও চলছে। গত সপ্তাহে মঙ্গল ও বুধবার পরপর দুদিন বল করেছি, আগামী সপ্তাহেও হয়তো এমন টানা বোলিং সেশন থাকবে।’
আগামী ১২-১৮ মাসে অস্ট্রেলিয়ার প্রায় ২০-২১টি টেস্টের ব্যস্ত সূচি রয়েছে। এ কারণে পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে হ্যাজলউড জানান, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের সঙ্গে স্কোয়াডে থাকা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মতো বোলারদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ হবে।
সব বাধা পেরিয়ে ডারউইন টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে এই অভিজ্ঞ ফাস্ট বোলারের দুর্দান্ত প্রত্যাবর্তনের দিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

