পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখরা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আপাতত বিরতি থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের জন্য শুভকামনার বার্তাও দিয়েছেন তারা।
জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, “সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের বার্তায় তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!”
সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা ঈদের বার্তায় সম্প্রীতি ও একতার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক...।”
এদিকে জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়ও ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদ-উল-আজহা’র শুভেচ্ছা। ঈদ মোবারক!”
ঈদের দিনে ক্রিকেটারদের এমন শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্ত-সমর্থকরাও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

