বিসিএল

রবিউল ঝড়ে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল

স্পোর্টস রিপোর্টার

রবিউল ঝড়ে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেই দুর্দান্ত এক জয় পেয়েছে উত্তরাঞ্চল। ব্যাটিং ঝলকে প্রীতম কুমার ও আকবর আলী হাঁকান সেঞ্চুরি। দুজনের জোড়া সেঞ্চুরির পর বল হাতে ঝড় তুলে দক্ষিণাঞ্চলকে বিধ্বস্ত করেছেন পেসার রবিউল হক। তাতে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে উত্তরাঞ্চল। ম্যাচের তিনদিনেই জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে আকবর আলীর দল।

বিজ্ঞাপন

সিলেট একাডেমি মাঠে টস জিতে বোলিং আগে বেছে নেয় উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল গড়ে ৩১৪ রানের পুঁজি। দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৫৩ ও ইফতিখার হোসেন ৪৪ রানের ইনিংস খেলেন। উত্তরাঞ্চলের জার্সি গায়ে আব্দুল্লাহ আল মামুন ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন।

তবে উত্তরাঞ্চল গড়ে রানের পাহাড়। তাদের প্রথম ইনিংস থামে ৪২৬ রানে। প্রীতম কুমার ও অধিনায়ক আকবর আলীর দুর্বার ব্যাটিংয়ে ১১২ রানের লিড নেয় তারা। প্রীতম ২০৩ বলে খেলে এনে দেন ১৫৫ রানের দুর্বার ইনিংস। আর আকবর আলী খেলেন ১৫৮ বলে ১২১ রানের দুরন্ত এক ইনিংস। দক্ষিণাঞ্চলের সফর আলী ৯৯ রান খরচ করে পেয়ে যান ফাইফারের দেখা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ধুঁকতে থাকে দক্ষিণাঞ্চল। রবিউল হকের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৭২ রানেই গুটিয়ে নেয় তারা। রবিউল একাই ৫৩ রানে নেন ৫ উইকেট। দলের হয়ে সামিউন বাসির ৫৩ রান করলেও হার এড়ানো যায়নি।

জয়ের জন্য উত্তরাঞ্চলের সামনে লক্ষ্য ছিল মাত্র ৬১ রান। বিনা উইকেটে ৯ দশমিক ৪ ওভারে জয়ের সন্ধান পেয়ে যায় তারা। ওপেনার সাব্বির হোসেন ৩৫ বলে ৫৪ রানের হার না মানা ঝোড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন।

স্কোরকার্ড সংক্ষেপ

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৩১৪/১০, ৮০.২ ওভার; মিঠুন ৫৩, ইফতিখার ৪৯, রিজান ৪৭; আব্দুল্লাহ আল মামুন ৩/৩৭, তাইজুল ৩/৮৫।

উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ৪২৬/১০, ৯৭.৩ ওভার; প্রীতম ১৫৫, আকবর ১২১, সানজামুল ৪৫; সফর আলী ৫/৯৯, সামিউন ২/৫০।

দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংস: ১৭২/১০, ৪৫.১ ওভার; সামিউন ৫৩, মঈন ৪২, ইফতিখার ৩২; রবিউল হক ৫/৫৩, মেহরাব ২/১৬, তাইজুল ২/৩৭।

উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস: ৬১/০, ৯.৪ ওভার; সাব্বির ৫৪*, আব্দুল্লাহ আল মামুন ৭*।

ফল: উত্তরাঞ্চল ১০ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: প্রীতম কুমার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...