ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বৃষ্টিবিঘ্নিত দিনটি ছিল রোমাঞ্চকর। ছয় ম্যাচের তিনটিতে ফলাফল এলেও বাকি তিনটি গড়িয়েছে রিজার্ভ ডেতে। জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ও গুলশান ক্রিকেট ক্লাব। রিজার্ভ ডেতে গড়িয়েছে আবাহনী লিমিটেড-ব্রাদার্স, মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ও ঢাকা লিওপার্ডস-সিটি ক্লাবের ম্যাচটি।
আজ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার নাঈম শেখ। ইউল্যাব ক্রিকেট মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১২ ছক্কার তাণ্ডবে ১৩৬ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসে ভর করে ছয় উইকেটে ৩৪৫ রান তোলে মোহামেডান। পরে বৃষ্টির কারণে রূপগঞ্জ টাইগার্স ১৬.৫ ওভারে পাঁচ উইকেটে ৫৩ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়।
দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ডিএলএস পদ্ধতিতে ১০ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আগে ব্যাট করে ২৩৫ রান তোলে বসুন্ধরা, যেখানে অধিনায়ক নুরুল হাসান সোহান ৬০ বলে ৭৩ রান করেন। বৃষ্টির পর সংশোধিত লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ।
বিকেএসপির তিন নম্বর মাঠে ডিএলএস পদ্ধতিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে রূপগঞ্জ ২২৭ রানে অলআউট হয়। জবাবে প্রাইম ব্যাংক ২৫.৪ ওভারে দুই উইকেটে ১০৮ রান তুলতেই নামে বৃষ্টি। পরে শাহাদাত হোসেন দীপু ৬১ রানে অপরাজিত থেকে দলের জয়ের ভিত গড়ে দেন।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে বৃষ্টি আইনে ৬০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনের সেঞ্চুরি (১৩২) ও শাহরিয়ার সাকিবের (৭৫ ফিফটিতে ভর করে পাঁচ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে গুলশান ক্রিকেট ক্লাব। জবাবে ১৩২ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

