চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে সামান্য বৃষ্টির পানিতে সংযোগ সড়কের বিভিন্ন জায়গা ধসে পড়েছে। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়ক দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করে। তাছাড়া বান্দরবান জেলার লামা উপজেলার কয়েক লাখ মানুষ চলাচল করে এই সড়কে। সেতুটি নির্মাণের ফলে বান্দরবান ও চট্টগ্রাম জেলার মানুষের যোগাযোগব্যবস্থা আরো সহজ হয়েছে। স্বল্প সময়ে সামান্য বৃষ্টির পানি দ্বারা সংযোগ সড়কের এমন বেহাল অবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফারেঙ্গা-লামা সড়কের ওপর নির্মিত এই সেতুর বিভিন্ন জায়গায় মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে এবং সড়কের পাশের অংশ ধসে গিয়ে দেবে গেছে পিলারগুলো। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঢাল সুরক্ষা, নিষ্কাশনব্যবস্থা ও সড়কের পাশের জায়গায় মাটি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আল আমিন বলেন, সংযোগ সড়কের গর্তের বিষয়ে উপজেলা প্রকৌশল কার্যালয় হতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লোহাগাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ বলেন, দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধসে পড়া স্থান ও ভাঙনগুলো ঠিক করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা যদি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

