প্রথমবারের মতো লঙ্কান মেয়েদের হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো লঙ্কান মেয়েদের হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কার মেয়েদের প্রথমবারের মতো ঘরের মাঠে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করল লাল-সবুজের কন্যারা। নিজেদের মাঠে লঙ্কান মেয়েদের তিন উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠে তো বটেই, সব মিলিয়ে এবারই প্রথম লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল দেশের মেয়েরা। শেষদিকে অবশ্য দ্রুত কয়েকটি উইকেট পড়ায় খানিকটা চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। সে বিপদ কাটিয়ে বাংলাদেশ জিতল ৯ বল হাতে রেখেই।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। দলীয় পাঁচ রানে দুই উইকেট আর ৩৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দেশের মেয়েরা। তবে শারমিন আক্তারের দুর্দান্ত ফিফটি ও স্বর্ণা-সোবহানার ক্যামিওতে বড় জয় ছিনিয়ে নেওয়ার পথেই হাঁটছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষদিকে মাত্র দুই রানের ব্যবধানে বাংলাদেশের চার উইকেট তুলে নিয়ে ম্যাচের চিত্রনাট্য পাল্টে ফেলার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন শ্রীলঙ্কান নারীরা।

রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে চার উইকেট হারিয়েই ১৯৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তাতে ম্যাচটি জেতার কথা ছিল সহজেই; কিন্তু সেই সহজ ম্যাচ কঠিন করেই জিতেছে বাংলাদেশ। শেষদিকে ঘাম ঝরিয়ে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জ্যোতিরা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ইমেশা দুলানি (৫২) ও হানসিমা করুণারত্নের (৫৪) ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। রিতু মনি নেন তিন উইকেট। আর দুটি উইকেট পান নাহিদা আক্তার।

জবাবে দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হন শারমিন আক্তার। ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে ৮৬ রানের দুর্বার ইনিংস উপহার দিয়ে ফেরেন সাজঘরে। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৪১ রান। আর স্বর্ণা আক্তার এনে দেন ৩৫ রান। তাতে সাত উইকেট হারিয়ে ২০৬ রান তুলে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০৫/৯, ৫০ ওভার (হানসিমা ৫৪, দুলানি ৫২, কাভিশা ৩০ পেরেরা ২৭ ; রিতু ৩/৩৬, নাহিদা ২/৩৮, মারুফা ১/২৪, সুলতানা ১/৪০, রাবেয়া ১/৩১)।

বাংলাদেশ : ২০৬/৭, ৪৮.৩ ওভার (শারমিন ৮৬, সোবহানা ৪১, স্বর্ণা ৩৫, নিগার ১৩; ভিহাগা ৩/৪৩, মাদারা ২/৩৭, নিমাশা ১/৩১)।

ফল : বাংলাদেশ তিন উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শারমিন আক্তার।

সিরিজ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...