পা মাটিতেই রাখছেন মিরাজ

পা মাটিতেই রাখছেন মিরাজ

ডারউইন টেস্টে বাংলাদেশের অবস্থান এখন বেশ শক্ত। জয়ের দিকেই এগোচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এরপর তৃতীয় দিন শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এখনো লিড ৬৭ রানের। হাতে আছে আর দুদিন। তবু এখনই জয়ের ঘোষণা দিতে রাজি নন মেহেদী হাসান মিরাজ। পা মাটিতেই রাখছেন ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করা এই অলরাউন্ডার।

মারারা স্টেডিয়ামের উইকেট দিন গড়ানোর সঙ্গে ব্যাটিংয়ের জন্য আরো ভালো হচ্ছে। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডও মনে করছেন, এখনো ব্যাট করা সহজ। ফলে স্বাগতিকদের হাতে থাকা ছয় উইকেট নিয়ে লড়াই জমিয়ে তোলার সুযোগ আছে। তবে মিরাজের ভাবনায় আপাতত বড় লক্ষ্য নয়, একেকটি উইকেট করে এগোনো। দিনশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। প্রতিটি উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে, কারণ উইকেট অত সহজ নয়।’

বিজ্ঞাপন

পরে জয়ের পরিকল্পনা আরো পরিষ্কার করে মিরাজ বলেন, ‘যত কম রান হয় ততই ভালো। এখনো খেলার দুদিন বাকি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এখান থেকে দ্রুত তিনটি উইকেট নেওয়া, কারণ ওরা সবাই ভালো ব্যাটিং করে। উইকেট সময়ের সঙ্গে আরো ভালো হচ্ছে। আমরা বড় লক্ষ্য নিয়ে চিন্তা না করে ছোট ছোট পদক্ষেপে এগোনোর চেষ্টা করছি।’

অস্ট্রেলিয়ার ব্যাটারদের উইকেট পাওয়া সহজ হয়নি বলেও জানিয়েছেন তিনি, ‘আমরা যে উইকেটগুলো পেয়েছি, অনেক কষ্ট করেই নিতে হয়েছে। আমরা চেষ্টা করছি রান যতটা আটকানো যায়। এই রানের ভেতরে যদি আরো তিন-চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যটাও বেশি থাকবে না।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪২৬ রানে মিরাজের অবদান ৬৫। মুশফিকুর রহিম আউট হওয়ার পর মূলত লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়েই লড়াই চালান তিনি। নিজের ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, ‘তবে আমার জন্য ব্যাটিংটা একটু কঠিন ছিল। আমি যখন নেমেছিলাম, তখন মুশফিক ভাই আউট হয়ে গেছেন। আমি বোলারদের নিয়েই যা রান করার করেছি। ওই সময়ে রান করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল।’

এরপর বল হাতেও এক উইকেট নিয়েছেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অজিদের অন্যতম ভরসা স্টিভ স্মিথকে নিজের ফিরতি বলে তালুবন্দি করে বিদায় করেন তিনি। স্মিথের উইকেট নেওয়া মিরাজের জন্য বিশেষ কিছু। ২০১৭ সালের মিরপুর টেস্টেও স্মিথকে আউট করেছিলেন তিনি। মিরাজ বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি মুহূর্ত ছিল। তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, আর তার উইকেট নেওয়াটা আমার জন্য দারুণ একটি মুহূর্ত।’

সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর পেছনে দলের আত্মবিশ্বাসকেই বড় কারণ মনে করছেন মিরাজ, ‘আমাদের সবার বিশ্বাস ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে বিশ্বাসটা ছিল।’ এখন দেখার পালা, আত্মবিশ্বাসী বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে পারে কি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন