চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৫২ রান করা বাংলাদেশের লিড এখন ১৭৯। মিরপুর টেস্টের শেষ দিনে স্বাভাবিকভাবে এই লক্ষ্য তাড়া করাটাই হয়ে ওঠে কঠিন। তবে ম্যাচ জয়ের জন্য এই লিড নয় নিরাপদ। সেটা মাথায় রেখেই তৃতীয় দিনশেষে মেহেদি হাসান মিরাজ বলেছিলেন পাকিস্তানকে ২৬০-২৭০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। আজ চতুর্থ দিনের শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তেমন কিছু বলেননি। তবে তার চাওয়া শেষ দিনে পাকিস্তানকে ব্যাটিংয়ের জন্য ৭৫ ওভার ব্যাটিং দিতে চান। অর্থাৎ, এর আগে আরও ১৫-২০ ওভার ব্যাটিং করুক বাংলাদেশ- সেটাই চাওয়া তার।
সাধারণত একদিনে ৯০-৯৫ ওভার খেলা হয়। বৃষ্টির কারণে গত দুই দিনে অনেকটা সময় অপচয় হওয়ায় স্বাভাবিকভাবে ৫ম দিনে খেলা শুরু হবে বেশ আগেভাগে। ফলে বেশি ওভার খেলা হওয়ার সুযোগটাই থাকবে। সেই সুযোগটা কাজে লাগিয়ে দিনের শুরুতে ১৫-২০ ওভার ব্যাটিং করে লিড আড়াইশ’র উপরে যাক- এমনটাই চাওয়া মোহাম্মদ আশরাফুলের।
তার কথায়, ‘৫ম দিনে, আসলে এখন আমরা বসি নাই কত রান করে আমরা ছাড়বো। কিন্তু অবশ্যই আমরা জয়ের জন্য খেলছি। আমাদের যে বোলিং আক্রমণ বিশেষ করে আমাদের স্পিন এবং পেস বোলিং, আমি মনে করি আমরা ৭০-৭৫ ওভার বল করতে পারি। যদি কোন বৃষ্টি না হয় ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি আমাদের জয়ের সম্ভাবনা থাকবে।’
আশরাফুল আরও বলেন, ‘৭৫ ওভার যদি আমরা বল করতে পারি এবং ২৬০ এই ধরনের একটা রান যদি করতে পারি আমার মনে হয় জেতা সম্ভব হবে।’
বারবারই লিড ২৬০-২৭০ করার কথা এসেছে আশরাফুলের সংবাদ সম্মেলনে। গতকাল ৫০.৩ ওভার ব্যাটিং করা বাংলাদেশের পক্ষে গতকালই লিড ওই পর্যন্ত নেওয়া সম্ভব ছিল কি না সেই প্রশ্নও আসে সংবাদ সম্মেলনে। এ নিয়ে মোহাম্মদ আশরাফুল জানান অনভ্যস্ততার কথা। লম্বা সময় পর টেস্ট খেলতে নামায় এই সুযোগটা নেওয়া সম্ভব হয়নি বলেও মনে করেন তিনি।
মোহাম্মদ আশরাফুলের কথায়, ‘সাড়ে পাঁচ মাস আমরা টেস্ট ক্রিকেটের বাইরে ছিলাম। তো এই সাড়ে পাঁচ মাসে ক্রিকেটাররা হয়তো এক বা দুই ফোর ডে ম্যাচ খেলেছে। যদি এই সাড়ে পাঁচ মাসে যদি ক্রিকেটাররা ১০-১২ টা ফোর ডে ম্যাচ খেলতো তাহলে কিন্তু ওইটাতে আমরা অভ্যস্ত হয়ে যেতাম। যারা টেস্ট খেলছে প্রায় সাত-আটজন ক্রিকেটার তাদের কিন্তু আবার জিরো থেকে শুরু করতে হয়।’
গতকালকে কেন করা সম্ভব হয়নি, এর আরও একটি ব্যাখ্যা দিয়েছেন আশরাফুল। তার কথায়, ‘এত ভালো উইকেট কিন্তু আমরা নিয়মিত খেলি না। ইদানিং আমরা খেলছি। শেষ ছয় মাস হয়েছে আমরা ভালো উইকেটে ক্রিকেট খেলছি। ভালো উইকেটে আপনার হাই স্ট্রাইক রেটে খেলতে হলে তো আপনার ভালো উইকেটে রেগুলার থাকতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

