বাঁচা কিংবা বিদায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা পাকিস্তান দেখাল দাপুটে রূপ। ওপেনার সাহিবজাদা ফারহানের দুর্দান্ত সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন দল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারেই ৯৭ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ফলে ১০২ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান।
ম্যাচের আগে সমীকরণ ছিল কঠিন। ভারত আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইট নিশ্চিত করেছিল, আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্র। নেট রান রেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের সামনে ছিল একটাই পথ—জয়। হারলেই বিদায় নিতে হতো টুর্নামেন্ট থেকে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। ইনিংসের নায়ক সাহিবজাদা ফারহান—৫৮ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় খেলেন অপরাজিত ১০০ রানের ঝকঝকে ইনিংস। মাঝের দিকে গতি বাড়ান সালমান আলী আঘা (২৩ বলে ৩৮) এবং শেষদিকে ঝড় তোলেন শাদাব খান (২২ বলে অপরাজিত ৩৬)। নামিবিয়ার হয়ে জ্যাক ব্রাসেল ২ উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি হলেও ওপেনিং জুটি ভাঙতেই ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন লউরেন স্টিনক্যাম্প, আর অ্যালেক্সান্দার বুসিং-লভশেঙ্ক যোগ করেন ২০ রান।
পাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন উসমান তারিক—১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। শাদাব খানও বল হাতে দারুণ ছিলেন, ১৯ রানে শিকার করেন ৩ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

