সময়-নীতি মানছেন না সিলেটের ওসমানী মেডিকেলের চিকিৎসকরা

সময়-নীতি মানছেন না সিলেটের ওসমানী মেডিকেলের চিকিৎসকরা
ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত কর্মঘণ্টা মানছেন না উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক। সকাল ৯টার পরও আসেন ৪৮% বহির্বিভাগ ও ৬৫% অন্তর্বিভাগের চিকিৎসক। নির্ধারিত সময়ের আগেই ছাড়েন ৯৬% ও ৯০% চিকিৎসক। বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে অনেক চিকিৎসক নির্ধারিত সময়ের পর কর্মস্থলে উপস্থিত হচ্ছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগের প্রবণতাও রয়েছে ব্যাপকভাবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত কর্মঘণ্টা না মানায় জারি করা নোটিশ। ছবি: আমার দেশ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত কর্মঘণ্টা না মানায় জারি করা নোটিশ। ছবি: আমার দেশ

.

বিজ্ঞাপন

এ ঘটনায় চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে মঙ্গলবার একটি নির্দেশনা মূলক বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকদের জন্য নির্ধারিত কর্মসময়ে সকাল (ইন টাইম) ৮টা এবং (আউট টাইম) দুপুর ২টা ৩০ মিনিট। তবে সম্প্রতি বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনা করে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে।

বায়োমেট্রিক তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর কর্মস্থলে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগের চিকিৎসকদের মধ্যে ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের চিকিৎসকদের মধ্যে ৬৫ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময় সকাল ৮টার এক ঘণ্টা পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

অন্যদিকে, নির্ধারিত সময় দুপুর ২টা ৩০ মিনিটের আগেই কর্মস্থল ত্যাগের হারও উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, চিকিৎসাসেবা সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা, দাপ্তরিক শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।

এ কারণে বিজ্ঞপ্তিতে সব চিকিৎসককে সকাল ৮টায় যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে বায়োমেট্রিক অ্যাটেনড্যান্সে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুপুর ২টা ৩০ মিনিটের আগে কর্মস্থল ত্যাগ না করতেও নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আপাতত প্রাথমিক সতর্কীকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে একই ধরনের ব্যত্যয় পুনরায় পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ করে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন