বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে বড় রদবদল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে বড় রদবদল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগের দিন দলে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ও ইনজুরির কারণে ছিটকে গেছেন তিন ক্রিকেটার, তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন মুখেরা।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। তবে সিরিজ শুরুর আগে দল পুনর্গঠন করতে হয়েছে সফরকারীদের।

ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ওপেনার ট্রাভিস হেড। আইপিএল শেষ করেই তিনি বিশ্রামের আবেদন করেন, যা মঞ্জুর করেছে অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল।

অন্যদিকে গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। একই কারণে তিনি এর আগে পাকিস্তান সফরেও খেলতে পারেননি। এছাড়া পাকিস্তান সফরে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন লেগস্পিনার তানভীর সংঘ।

এই তিনজনের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন ম্যাট শর্ট, ওলি পিক এবং অফস্পিনার টড মার্ফি। মার্ফির জন্য এটি অস্ট্রেলিয়ার সাদা বলের দলে প্রথম ডাক।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্লে-অফে ব্যস্ত থাকায় পাকিস্তান সফরে ছিলেন না ট্রাভিস হেড। বাংলাদেশ সিরিজের জন্য তাকে দলে রাখা হলেও অতিরিক্ত চাপ এড়াতে শেষ পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এদিকে মিচেল মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। পাকিস্তান সফরের মতো বাংলাদেশ সফরেও তিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মার্শ যদি টি-টোয়েন্টি সিরিজের আগেও পুরোপুরি ফিট না হন, তাহলে সেই ফরম্যাটেও নেতৃত্বে দেখা যেতে পারে ইংলিশকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে একাধিক পরিবর্তন সত্ত্বেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মার্ফি, ওলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন