হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার

হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন তামিম ইকবাল। তার অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে একটি আধুনিক হাই পারফরম্যান্স (এইচপি) সেন্টার নির্মাণ। এই প্রকল্পকে নিজের ‘সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তামিম জানান, কয়েক বছর আগে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস স্টেডিয়াম ও হাই পারফরম্যান্স সেন্টারের একটি নকশা তৈরি করেছিল। তবে সেই নকশা তার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তামিম বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের ডিজাইন পর্যালোচনা করে তিনি সন্তুষ্ট হতে পারেননি। যদিও এ জন্য ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ পরিশোধ করা হয়েছে এবং কিছু অর্থ এখনও বাকি রয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির নকশা পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে বিসিবি। এ লক্ষ্যে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং পরিচালক ফাহিম সিনহাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছেন তামিম।

তার ভাষ্য, তিনি এমন একটি হাই পারফরম্যান্স সেন্টার গড়ে তুলতে চান, যা বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বর্তমানে যে নকশা রয়েছে, তা তার কল্পনার সঙ্গে পুরোপুরি মেলে না বলেই নতুনভাবে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্বাচলে প্রকল্পটির বাস্তব কাজ দ্রুত শুরু করার আশাবাদও ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি। তবে তিনি স্বীকার করেছেন, এমন একটি আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হবে।

এ কারণে সরকারের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তামিম। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। অ্যাডহক কমিটির সময় থেকেই বিষয়টি নিয়ে কাজ চলছিল।

তামিম আরও জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও তিনি হাই পারফরম্যান্স সেন্টার প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। অর্থমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চেয়েছেন।

এখন আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহযোগিতায় প্রকল্পটি এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বিশ্বমানের হাই পারফরম্যান্স সেন্টার গড়ে তোলাই এখন তামিমের অন্যতম প্রধান লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন