অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ডারউইনে তিন দিনের ম্যাচে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হারের পর দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ার বিষয়টি বেশি ভাবাচ্ছে বাংলাদেশ কোচকে। তবে মূল সিরিজ শুরুর আগে হাতে থাকা সময়ের মধ্যে ভুলগুলো শুধরে ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুত করে নিতে পারবেন বলে বিশ্বাস সিমন্সের।
প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। সেখানে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছিল দুর্দান্ত সেঞ্চুরি। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরোপুরি বিপরীত চিত্র। তৃতীয় দিন ২ উইকেটে ১৯ রান নিয়ে ব্যাটিং শুরু করা বাংলাদেশ মাত্র ১৬ ওভারের মধ্যে বাকি আট উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৫৪ রানে। বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন ক্যাম্পবেল থম্পসন। মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই পেসার দ্বিতীয় ইনিংসে একাই তুলে নেন ৮ উইকেট। তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে নিজের হতাশার কথা জানান সিমন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় প্রধান কোচ বলেন, ‘যে তিনটি দিন আমরা পেয়েছিলাম, বেশকিছু ভালো কাজ হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। আপনি যদি আমাদের আউট হওয়ার ধরন খেয়াল করেন, তা মোটেও ভালো কিছু ছিল না।’
তবে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা নিয়ে বেশি সময় পড়ে থাকতে চান না বাংলাদেশ কোচ। তার বিশ্বাস, টেস্ট শুরুর আগে হাতে থাকা তিন দিন কাজে লাগিয়ে ব্যাটসম্যানরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারবেন। সিমন্স বলেন, ‘টেস্ট ম্যাচে ঠিক যা করা প্রয়োজন, তা নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে আরো তিন দিন সময় আছে। ছেলেদের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আগামী তিন দিনে তারা দরকারি কাজগুলো সেরে নেবে, যাতে টেস্টের জন্য নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাই।’
ডারউইনেই আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে মূল লড়াইয়ের আগে নিজেদের কতটা গুছিয়ে নিতে পারে দল, এখন সেটিই দেখার বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

