দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

 বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে জরুরি ভিত্তিতে মেরামতকাজ শেষ হলে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ থেকে ২২৭/১ নম্বর রেল পিলারের মধ্যবর্তী অংশে রেললাইন ভাঙার ঘটনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, নিয়মিত পরিদর্শনের সময় কর্তব্যরত রেলকর্মীরা রেললাইনের ভাঙা অংশ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও মেরামতকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংস্কারকাজ শুরু করে। এ সময় নিরাপত্তার স্বার্থে রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এ কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, রাজশাহী কমিউটার ও মধুমতি এক্সপ্রেসসহ অন্তত ছয়টি ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ বলেন, ‘সকালে ভাঙা শনাক্ত হওয়ার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করি। আপাতত ভাঙা অংশ দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করবে।’

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, ‘সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পরপরই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে মেরামত কাজ শেষে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন