ভারতে সাদা বলের সিরিজ খেলে এসে সরাসরি বাংলাদেশে লাল বলের সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাট এবং দুই দেশের কন্ডিশনে আছে বিস্তর ফারাক; দুই স্কোয়াডেও আছে অনেক পরিবর্তন। তাই মাঠে নামার আগে আলাদা করে প্রস্তুতির সুযোগ পাচ্ছে ক্যারিবীয়রা। আজ বসুন্ধরার আনবির ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিসিবি একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
এই ম্যাচের জন্য গতকাল ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। একেবারে তরুণদের নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন কেবল শামিম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিক। এর বাইরে সুযোগ দেয়া হয়েছে চলমান জাতীয় লিগে পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের। তাদের মধ্যে অন্যতম ময়মনসিংহের মাহফিজুল ইসলাম রবিন, বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন, ঢাকার জিসান আলম, খুলনার কালাম সিদ্দিকী অলিন। একদম আনকোড়া হিসেবে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ পর্যায়ের দুই ক্রিকেটার- হোসেন ও সান।
বাংলাদেশের শক্তির জায়গা স্পিন হলেও এই ম্যাচে এসএম মেহরব ছাড়া কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি। মূলত সফরকারী দলকে কন্ডিশন এবং আসন্ন পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা না দিতেই এমনটা করা হয়েছে। বিসিবি একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত ৩ দিনের। তবে ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে ম্যাচের সময়সীমা ১ দিন কমিয়ে এনে দুই দিন করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9d29f5-720x405.webp)