গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বললেন আনোয়ার ইব্রাহিম

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বললেন আনোয়ার ইব্রাহিম
ছবি: সংগৃহীত।

গাজায় ইসরাইলের দখলদারির সামরিক অভিযানকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে থাকা আনোয়ার ইব্রাহিম গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলের ‘উপনিবেশ স্থাপনের’ অবসান দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘হামাসের বয়স মাত্র ২০ বছর। কিন্তু ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের ইতিহাস ৭০ বছরের। মালয়েশিয়া ও ভারত উপনিবেশবাদের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত। তাই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনকে আমরা সমর্থন করতে পারি না।’

গাজায় অব্যাহত বোমা হামলা ও হত্যাকাণ্ডের সমালোচনা করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘নিরন্তর বোমাবর্ষণ ও হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড হলো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।’

তবে গত বছর পাহালগামে হামলার ঘটনায় পাকিস্তানের ভূমিকা একইভাবে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ কি না—এমন প্রশ্ন করা হলে আনোয়ার ইব্রাহিম তা বলতে অস্বীকৃতি জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে ইসরাইলের ‘উপনিবেশ স্থাপন’ বন্ধের দাবি জানিয়েছেন। ছবি: এনডিটিভি।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে ইসরাইলের ‘উপনিবেশ স্থাপন’ বন্ধের দাবি জানিয়েছেন। ছবি: এনডিটিভি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি তো আগে নিশ্চিতভাবে প্রমাণিত হতে হবে। আমি বলছি না যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি; ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কিন্তু নিশ্চিতভাবে জানার বিষয়টি হলো—ভারতের সাথে সংশ্লিষ্ট আমার কোনো গোয়েন্দা সংস্থা বা প্রতিনিধি ফিরে এসে আমাকে বলেননি যে, ‘স্যার আনোয়ার, হ্যাঁ, সেখানে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ ছিল। আর তাই, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আমি তখনই এসব তথ্যের ভিত্তিতে কোনো মন্তব্য করতে পারি।’

ভারতকে এক মহান সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাসের অধিকারী একটি মহান দেশ হিসেবে প্রশংসা করে ইব্রাহিম আশা প্রকাশ করেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যাগুলোর সমাধান হবে।

সূত্র: এনডিটিভি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন