নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

কুমিল্লাকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে রংপুর

কুমিল্লাকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে রংপুর

দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সেমিফাইনালের টিকিট কেটেছে রংপুর অঞ্চলের ছেলেরা। কোয়ার্টার ফাইনালে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা অঞ্চলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা।

বিজ্ঞাপন

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর বয়েজ অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব। ইনিংসের শুরুতে কুমিল্লা শিবিরে আঘাত হানেন ফারহান সাদিক। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ১১ রানে দ্বিতীয় ও ২৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা। কুমিল্লার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন। ১১ বলে এক চার ও এক ছক্কার মারে তিনি ১৩৬.৩৬ স্ট্রাইকরেটের ইনিংস খেলেন। এছাড়া ব্রিহাত দেবনাথ ১০ বলে ১২ ও মো. ফারহান শাহরিয়ার হামিম ১৪ বলে ৯ রান করেন। তবে বাকি ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লা বয়েজের ইনিংস। রংপুর বয়েজের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেন শাহিন ইসলাম শাহি। মাত্র ২ রান খরচায় তিনি ২ উইকেট তুলে নেন ২। ইকোনমি রেট ১.০৯। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও মো. নওফেল ইহসান নীরব প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। বোলারদের দাপুটে পারফরম্যান্সেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর বয়েজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রংপুর বয়েজের ব্যাটসম্যানরা। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটিতেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। কোনো উইকেট না হারিয়েই মাত্র ৮.৩ ওভারে ৫৯ রান তুলে নেয় দলটি। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ২৭ বলে ৭ চার ও ১টি ছক্কায় খেলেন ৩৭ রানের ম্যাচসেরা ইনিংস। স্ট্রাইকরেট ১৩৭.০৪। অন্যপ্রান্তে ইলমান বিন ইমতিয়াজ অপরাজিত থাকেন ১৮ রানে। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল রংপুর বয়েজ।

রাজধানী ঢাকায় ২০ জুলাই শুরু হয়েছে নতুন কুঁড়ি ২০২৫-২০২৬ জাতীয় পর্বের খেলা। আজ বুধবার তৃতীয় দিনে তিনটি ডিসিপ্লিনের খেলা তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট

ক্রিকেটের বালক ও বালিকা বিভাগের চার কোয়ার্টার ফাইনালেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ ১০ ওভার করে হলেও বাকি তিন ম্যাচের দুটির ভাগ্য নির্ধারিত হয় টসে। অন্যটির ফলাফল ঠিক হয় বৃষ্টি আইনে। ছেলেদের বিভাগে রংপুরের সঙ্গে সেমিফাইনালের টিকিট কেটেছে সিলেট। আর মেয়েদের বিভাগে শেষ চারে পৌঁছেছে চট্টগ্রাম ও ঢাকা।

মেয়েদের বিভাগে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে চট্টগ্রাম। টসে জিতে ব্যাটিং নেওয়া কুমিল্লা ইনিংসের প্রথম বলেই অধিনায়ক হাফসা আক্তারকে হারায়। এরপর রুম্মান ইসলাম সাইকাও রানের খাতা না খুলেই ফেরেন। ৪ রানে ২ উইকেট হারানোর পরই নামে বৃষ্টি, আর ডিএলএস পদ্ধতিতে ম্যাচ নেমে আসে মাত্র ৩ ওভারে। তিন উইকেট হারিয়ে কুমিল্লা তোলে মাত্র ১৬ রান। যার মধ্যে ৯ রানই এসেছে অতিরিক্ত থেকে। ১৭ রানের সহজ লক্ষ্য এক উইকেট হারিয়ে আট বলেই তুলে ফেলে চট্টগ্রাম।

দিনের বাকি দুই ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণ। তাই ফল নির্ধারণ হয় কয়েন টসে। মেয়েদের বিভাগে সিলেটকে হারিয়ে টসে হারায় ঢাকা, আর ছেলেদের বিভাগে ঢাকাকে টস ভাগ্যে হারায় সিলেট।

ফুটবল

ফুটবল ডিসিপ্লিনে রোমাঞ্চকর জয় পেয়েছে খুলনা। বুধবার ঢাকার আর্মি স্টেডিয়ামে বালক বিভাগে ঢাকা অঞ্চলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় খুলনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। বালক বিভাগের অপর খেলায় খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিও গড়িয়েছিল টাইব্রেকারে। যেখানে চট্টগ্রামকে হারিয়েছে রংপুর। নির্ধারিত সময়ের খেলায় গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চট্টগ্রামকে ৩-১ গোলে হারায় রংপুর। বালিকা বিভাগে ঢাকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে খুলনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের খুলনার অধিনায়ক সিঁথি বিশ্বাস জয়সূচক গোলটি করেন।

মেয়েদের বিভাগে দিনের আরেক ম্যাচে মার্জিয়া ও সুমাইয়ার গোলে রংপুর ২-০ ব্যবধানে হারায় চট্টগ্রামকে।

কাবাডি

বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাবাডির বালক ও বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। বালক বিভাগের তিন কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে ৪৩-৪১ পয়েন্টে বরিশালকে হারায় রাজশাহী। খুলনা মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (৪৬-৪৫ পয়েন্ট) হারায় সিলেটকে। রংপুর ৬৪-৩৮ পয়েন্টের বড় ব্যবধানে কুমিল্লাকে হারায়।

বালিকা বিভাগের প্রথম কোয়ার্টার ফাইনালে ৫৮-১৫ পয়েন্টে বরিশালকে উড়িয়ে দেয় রাজশাহী। ৫৩-৩৬ পয়েন্টে সিলেটকে হারায় খুলনা। ৪৬-৩০ পয়েন্টে কুমিল্লাকে হারিয়ে হারায় রংপুর এবং ৪২-৩২ পয়েন্টে ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন