পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে আর খেলতে পারবেন না বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। ফিটনেস ও জাতীয় দলের প্রস্তুতির কথা বিবেচনায় এনে তাদের অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে চোটের কারণে না খেললেও শেষ ম্যাচে দারুণভাবে ফিরেছিলেন মুস্তাফিজ। সেই ম্যাচে ৫ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। তবে তার শারীরিক অবস্থা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
বিসিবির মেডিকেল টিম মুস্তাফিজের অবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছে, তাকে বিস্তারিত পরীক্ষার জন্য স্ক্যান করানো হবে। এরপর বোর্ডের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে এই বাঁহাতি পেসারকে। এ কারণেই পিএসএলে খেলার জন্য আগে দেওয়া এনওসি প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানাকেও পিএসএলের বাকি অংশে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

