টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরের শেষটা টি-টোয়েন্টি সিরিজ জিতেই রাঙিয়ে দিল বাংলাদেশ। গতকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হারায় স্বাগতিক জিম্বাবুয়েকে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল তারা। এর আগে একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে দুঃস্বপ্নের মতোই জিম্বাবুয়ে সফরের শুরুটা হয়েছিল বাংলাদেশের। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল তারা। তবে সিরিজের শেষ দুই ম্যাচ জিতে দারুণভাবে ফিরেছে তাওহিদ হৃদয়রা। লিটন, মোস্তাফিজ, মিরাজদের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ জয়টি বাংলাদেশের জন্য অন্যরকম সাফল্যই বলা যায়।

বুলাওয়েতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১৪৩ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। মায়ার্সের ৭৩ আর বেনেটের ৪৭ রানের সুবাদে দেড়শর কাছাকাছি রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু জয়ের কাছে গিয়ে দ্রুত উইকেট পতন হওয়ায় সহজ জয় আসেনি। ৫৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার তানজিদ হাসান। অধিনায়ক তাওহিদ হৃদয় ২৪ ও পারভেজ হোসেন ইমন ২৪ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন। ম্যাচসেরা হন তানজিদ হাসান।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৪৩/৭ (মায়ার্স ৭৩, বেনেট ৪৭; সাইফউদ্দিন ২/৩৫, সাকলাইন ১/৩১, রিশাদ ১/২৮ ও মেহেদী ১/৩১)।

বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪৪/৬ (তানজিদ ৬৬*, পারভেজ ২৪, তাওহিদ ২৪; এনগারাভা ২/২০, ইভান ২/২৬ ও রাজা ২/৩৮)।

ফল : বাংলাদেশ চার উইকেটে জয়ী।

ম্যাচসেরা : তানজিদ হাসান (বাংলাদেশ)।

সিরিজ : ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন