মিরপুরের তীব্র গরম আর আর্দ্রতার সঙ্গে লড়াই করেই ব্যাট করছিলেন লিটন দাস। বারবার ভেজা তোয়ালে ও রুমাল দিয়ে নিজেকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শারীরিক অস্বস্তি কাটিয়ে উঠতে পারেননি তিনি। পায়ের পেশিতে টান পড়ায় ইনিংসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দলীয় ২ রানে সৌম্য সরকারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা। এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম মিলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন। তাদের ৫১ রানের জুটি ভাঙে পাওয়ার প্লের শেষ বলে তামিম আউট হলে।
অধিনায়ক শান্তও ইনিংস বড় করতে পারেননি। ৫০ বলে ২৪ রান করে ফিরে গেলে চতুর্থ উইকেটে জুটি গড়েন লিটন দাস ও তাওহীদ হৃদয়। শুরুতে ধীরগতিতে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন লিটন। হৃদয়কে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি।
তবে ফিফটির খুব কাছে পৌঁছে হঠাৎই বিপত্তি। পায়ের পেশিতে টান অনুভব করার পর ব্যথায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন লিটন। পরে তার পরিবর্তে ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাঠ ছাড়ার সময় লিটনের সংগ্রহ ছিল ৪৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। তাওহীদ হৃদয় ৪৪ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২১ রানে অপরাজিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

