যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভারতের জয় ৮ উইকেটের। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় দলটি। ওপেনার আব্দুল্লাহ সর্বোচ্চ ৫০ রান করেন। রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২৬, আল রাফি করেন ২০ রান।
জবাবে ১২৩ রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথ সহজ করে দেন পাকিস্তানের দুই ওপেনার। হায়াম খান ৬৯ রান করে ফিরলেও উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
অন্য সেমিফাইনালে আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৭ রান তোলে আফগানিস্তান। নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনই করেন ৫১ রান। জবাবে ১১৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লক্ষয় রাইচান্দন ও আর্যবীর শেবাগ। রাইচান্দন ৯৩ এবং শেবাগ ৫১ রান করেন। পরে ভিকে ভিনেথের অপরাজিত ৫৭ রানে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

