৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫–২৬ আসরের ফরম্যাট চূড়ান্ত করেছে ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের মৌসুমে সুপার লিগ ও অবনমন (রেলিগেশন) লিগ পর্ব বাতিল করা হয়েছে। ৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের টুর্নামেন্ট হবে এবার।

শুক্রবার (১ মে ২০২৬) এক মিডিয়া রিলিজে জানানো হয়, আগামী ৪ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে এবারের ডিপিএল। মোট ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নতুন ফরম্যাট অনুযায়ী এবার পুরো টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। মৌসুম শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ।

অন্যদিকে, পয়েন্ট টেবিলের নিচের দুটি দলকে অবনমিত হয়ে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে নেমে যেতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ম্যাচ সম্পন্ন করার জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবের পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...