ওপেনিংয়ে থাকছেন সাইফ-তানজিদই

স্পোর্টস রিপোর্টার

ওপেনিংয়ে থাকছেন সাইফ-তানজিদই

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো খেলা সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে একাদশে জায়গা পাননি। বরং, সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও ওপেনিংয়ে নেই কোন পরিবর্তনের আভাস। অন্তত কোচ ফিল সিমন্সের কথায় সেটা স্পষ্ট।

আজ বুধবার (১৫ এপ্রিল) মিরপুরে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। সেখানে কথা বলেন ওপেনিং জুটি নিয়ে।

তিনি বলেন, ‘শেষ সিরিজে আমাদের ভালো একটা জুটি ছিল। আমার মনে হয়, আমরা একরকম সেটেল করে ফেলেছি। পাশাপাশি প্রস্তুতি ম্যাচে সাইফ ভালো খেলেছে, যেটা আমরা তার কাছ থেকে চেয়েছিলাম। তাই আমার মনে হয়, এখন আমরা সেটেল।’

তবে সৌম্যকে আশাহত করেননি। ওপেনিংয়ে জায়গা ফিরে পেতে তাকে ভালো খেলতে হবে- এমনটাই মনে করেন ফিল সিমন্স। পাশাপাশি কেন ওপেনিংয়ে সৌম্য তার জায়গা হারিয়েছেন সেটাও স্পষ্ট তার কথায়।

এ নিয়ে ফিল সিমন্স বলেন, ‘আমাদের চিন্তা ভাবনা এখনো একই আছে। সৌম্য দারুণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছে যেটা আপনি বললেন। কিন্তু আমাদেরকে একটা পছন্দ করতে হবে। সেটা করেছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বিপিএল ও বিসিএলের মাঝে অনেকগুলো খেলা সে মিস করেছে। তাই আমাদেরকে অন্য পছন্দ করতে হয়েছে। তার জন্য দূর্ভাগ্য, অন্যরা ভালো করেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...