বিসিবিতে অদলবদলে অবাক নন কোচ সিমন্স

স্পোর্টস রিপোর্টার

বিসিবিতে অদলবদলে অবাক নন কোচ সিমন্স

যখন ফিল সিমন্স বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে এলেন, তখন বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এরপর সেই পদে বসেন আমিনুল ইসলাম বুলবুল। আর এখন সেই দায়িত্বে আছেন তামিম ইকবাল। অর্থাৎ বাংলাদেশে কোচিং করানোর পুরোটা সময় তিন বিসিবি সভাপতি দেখেছেন ফিল সিমন্স। এত ঘন ঘন বিসিবি প্রধানের চেয়ার বদলের ঘটনা অবাক করে কি না এমন প্রশ্নে ফিল সিমন্সের জবাব ছিল, জীবনের এই পর্যায়ে এসে কোনো কিছুই তাকে অবাক করে না।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পান ফিল সিমন্স। সে সময় বিসিবি প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সিমন্সের নিয়োগের সাত মাস পর বিসিবি প্রধানের পদে আসেন আমিনুল ইসলাম বুলবুল। ১০ মাস পর সেই পদ থেকে বুলবুলকে সরিয়ে তামিম ইকবালকে দেওয়া হয় দায়িত্ব। বাংলাদেশে ১৮ মাসের অধ্যায়ে তিন বোর্ড সভাপতি দেখে ফেলেছেন ফিল সিমন্স।

বিজ্ঞাপন

লম্বা সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা ফিল সিমন্সের কাছে ব্যাপারটি বিস্ময়কর কি না, সেই প্রশ্ন উঠে আসে গতকালকের সংবাদ সম্মেলনে। জীবনের নানান চড়াই-উতরাই পার করে আসা ৬৩ বছর বয়সি সিমন্স জানান, এসব তার কাছে বিস্ময়কর নয়।

তার কথায়, ‘জীবনের কোনো কিছুই এখন আমাকে অবাক করে না। এটা অবশ্যই বাংলাদেশ বা অন্য কিছুর সঙ্গে সম্পর্কিত নয়, এটাই জীবন। আমি জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছি। জীবনে প্রতিদিন অনেক কিছু ঘটতে পারে। এসব এখন আমাকে আর বিস্মিত করে না।’

কেন বিস্মিত করে না এবং কেন কে বিসিবি সভাপতি হলো, তা নিয়ে চিন্তিত হন নাÑসেটাও স্পষ্ট করেন ফিল সিমন্স। তার কথায়, ‘আপনার কথামতে, তৃতীয় বোর্ড সভাপতি। একটা সিরিজের প্রস্তুতির জন্য যেভাবে দলকে প্রস্তুত করা হয় এবং কাজ করা হয়, এতে কোনো পরিবর্তন আসেনি। কোচিং গ্রুপ হিসেবে কাজ করার পথে কোনো ধরনের প্রভাব ফেলেনি।’

তিনি আরো যোগ করেন, ‘তারা হেড কোচ হিসেবে আসে না। তাই আমাকে কাজ করতে হয় যা আমি করতে চাই। আমরা কিছুর জন্য প্রস্তুত হচ্ছি এবং কিছু একটা তৈরির দিকে তাকিয়ে আছি। তাই আমাদেরকে এটা করে যেতে হবে। কেউ এখানে এসে আমরা যা করছি সেখানে পরিবর্তন আনার চেষ্টা করেনি। তাই আমরা এখনো চেষ্টা করছি, দারুণ কিছু তৈরি করার জন্য।’

বোর্ড সভাপতির দায়িত্বে কে থাকল না থাকল, সেটা নিয়ে কোনো মাথাব্যথা না থাকলেও নতুন সভাপতির সঙ্গে সিমন্সের কথা হয়েছে। এখন পর্যন্ত দুবার কথা হয়েছে জানিয়ে সিমন্স বলেন, ‘পুরো কোচিং স্টাফের সঙ্গে কথা বলেছে। পরে গতকাল (গত সোমবার) প্রস্তুতি ম্যাচের সময় ড্রেসিংরুমে এসেছিল। তখন কথা হয়েছে। হ্যাঁ, দুবার কথা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...